
মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী)।।
আমন ধান কাটাকে ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। বুধবার সকালে কলাপাড়ায় বর্ণাঢ্য নবান্ন শোভাযাত্রার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে নতুন ধান ঘরে তোলা এবং নবান্ন তৈরির ধুম পড়ে যায়। মন্দিরে মন্দিরে চলে প্রার্থনা। এতে কৃষক, কৃষাণীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। আয়োজকরা বলেন, পঞ্জিকা অনুসারে প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথমদিন নতুন ধান ঘরে তোলাকে ঘিরে তারা এ নবান্ন উৎসব উদযাপন করেন।
কলাপাড়ায় মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। অগ্রহায়ণ মাসের প্রথমদিন এ ধান কাটাকে ঘিরে শুরু হয়েছে এলাকায় এলাকায় নবান্ন উৎসব ও পিঠা পায়েস তৈরির হিড়িক। বুধবার সকাল থেকে নতুন ধান কেটে হিন্দু সম্প্রদায়ের নারীরা পূজা ও প্রার্থনার আয়োজনে ঘরে নেয়। এরপর নতুন ধান ভানাই করে চাল ঢেকি ও পাটাপুতা দিয়ে গুড়োকরে। এরপর শুরু হয় নবান্ন তৈরি।
এ নবান্ন উৎসবকে ঘিরে কলাপাড়ার পাখিমারা গ্রামে শতশত নারী পুরুষের অংশগ্রহণে বের হয় নবান্ন শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে সার্বজনীন শ্রী শ্রী মতুয়া হরি মন্দিরে নতুন ধান সামনে রেখে শুরু হয় ধর্মীয় প্রার্থনা। এসময় মন্দিরে নারীরা দলবদ্ধ হয়ে নতুন ধান ভানাই করে শুরু করে নবান্ন তৈরি।
কলাপাড়ায় শত বছর ধরে অগ্রহায়ণ মাসের প্রথমদিন নতুন ধান কেটে ঘরে নিয়ে নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসব উদযাপন হয়ে আসছে। তবে আগে এ উৎসব পাড়ায় পাড়ায় উদযাপন হলেও এখন তা কমে আসছে।
নবান্ন উৎসবে অংশ নেয়া নারীরা বলেন, সকালে ধান কেটে ঘরে নিয়ে পূজাঅর্চনা শেষে শুরু করেন নবান্ন তৈরি। গ্রামীন কৃষি সংস্কৃতির এ উৎসবে অংশ নেয় সব সম্প্রদায়ের মানুষ। নতুন ধানের তৈরি নবান্ন মুড়ি, খই দিয়ে পরিবেশন করা হয়।
গ্রামের কৃষকরা বলেন, আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে তারা নবান্ন উৎসব উদযাপন করেন। ধর্মীয় মতে অগ্রহায়ণ মাসের প্রথমদিন ধান কেটে ঘরে সংসারে সুখ ধনঐশ্বর্য লাভ হয়।
এদিকে নবান্ন উৎসবকে ঘিরে কলাপাড়ার নীলগঞ্জে বের হয় বর্ণাঢ্য নবান্ন শোভাযাত্রা। এতে বাদ্যযন্ত্র সহকারে শিশু,কিশোর, নারী ও পুরুষ অংশ নেয়।
নবান্ন উৎসব উদযাপন কমিটির সদস্য ও পাখিমারা শ্রী মতুয়া হরি মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন বলেন, গ্রাম বাংলার এ সংস্কৃতি এখন হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে গ্রামীণ এ কৃষি সংস্কৃতি তুলে ধরতে এ শোভাযাত্রার আয়োজন করেন।
আর মন্দির কমিটির সভাপতি পুলিন চন্দ্র মিস্ত্রী বলেন, এবার উৎসব মুখর পরিবেশে তারা শ্রী শ্রী মতুয়া হরি মন্দিরে নবান্ন উৎসব উদযাপন করেছেন। এতে সব ধর্মের শতশত মানুষ অংশ নেয়।
কলাপাড়ায় অগ্রহায়ণ মাসের প্রথমদিন নবান্ন উৎসবের পাশাপাশি আগামী তিন দিন ধরে চলে পিঠা পায়েশ তৈরি ও অতিথি আপ্যায়ন।