আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, এখনকার সময় লক্ষ্য করলে দেখা যায় এসএসসি পরিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের রেজাল্ট অনেক ভালো। অথচ সংসার জীবনে গেলে এই নারীদের নির্যাতন সহ্য করতে হয়। সুন্দর সমাজ গঠন করতে হলে প্রথমেই নারী নির্যাতন বন্ধ করতে হবে। নারী-পুরুষ সমান অধিকার শুধু মুখে নয় বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। নারী দিবসে আমাদের এই অঙ্গিকার হওয়া উচিৎ। রবিবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আমি জেনেছি- প্রত্যেক নারীদের চাওয়া আমাদের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় কোনো মাদক থাকবে না। একটি পরিবারে একজন মাদকাশক্ত থাকলে সেই পরিবার ধ্বংস। কেননা প্রথম অত্যাচার শুরু হয় ওই পরিবারের নারীদের ওপর। আর এই নারীরা স্বামী কিংবা সন্তানের দ্বারা নির্যাতনের শিকার হয়ে থানায় আসেন বিচারের জন্য। নারীদের ভালো রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় সেখানে আরও বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয় ব্যায়কের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, দবীর সহকারি পরিচালক ফিরোজ আল মামুন ও নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা প্রমূখ।