পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আজ (৩০ অক্টোবর) শুক্রবার সকাল ১০টায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে উপজেলার তিনটি কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের জেলা সহকারী পরিচালক সারোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলা দক্ষিণ এর ছয়টি উপজেলায় প্রায় ৫ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। উপজেলাগুলো হলো—পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর। এসব উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
তিনি আরও জানান, ১ঘন্টার ১০০ নম্বরের এমসিকিউ এর এ পরীক্ষায় ৯১ থেকে ১০০ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং ৮৫ থেকে ৯০ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সাধারণ বৃত্তি প্রদান করা হবে।
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের পার্বতীপুর উপজেলা পরিচালক মো. আল ইমরান জানান, উপজেলার তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৫ জন, ভবানীপুর শেরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০৪ জন এবং যশাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে এ মেধাবৃত্তি পরীক্ষার ফরম পূরণ করে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
পরীক্ষা চলাকালে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের জেলা দক্ষিণের উপদেষ্টা আলহাজ্ব মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন।