প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৯:৫০ পি.এম
পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় ৫ রেলইঞ্জিন মেরামত, ঈদে রেলবহরে সংযুক্ত

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: প্রয়োজনীয় বাজেট ও জনবল না থাকা সত্ত্বেও দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের ডিজেলচালিত রেল ইঞ্জিনের ভারী মেরামতের একমাত্র লোকোমেটিভ জেনারেল ওভারহোলিং (জিওএইচ) কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পাঁচ রেল ইঞ্জিন মেরামতের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) ৫টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) রেলবহরে হস্তান্তর করা হয়েছে।
কারখানা সূত্র জানায়, একটি রেল ইঞ্জিনে ৩৪ হাজারের বেশি যন্ত্রাংশ রয়েছে। এসব ইঞ্জিন মেরামতের জন্য বিভিন্ন দেশ থেকে খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করতে হয়। একটি রেল ইঞ্জিনের স্বাভাবিক আয়ুষ্কাল ২০ বছর। আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া প্রতিটি রেল ইঞ্জিনকে ৬ বছর পরপর জেনারেল ওভারহোলিংয়ে (জিওএইচ) জন্য পার্বতীপুরে কেলোকায় পাঠানো হয়। ক্রটিপূর্ণ যন্ত্রাংশগুলো পরিবর্তন করে নতুন যন্ত্রাংশ সংযোজন ও অকেজো অংশ মেরামত করে সচল করা হয়। বাংলাদেশ রেলওয়েতে রেল ইঞ্জিন রয়েছে ২৯৪টি (ব্রডগেজ ১০৮, মিটারগেজ ১৮৬)। ইতোমধ্যে ১৫০টি ইঞ্জিনের আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এর মধ্যে ব্রডগেজ ৬০টি ও মিটারগেজ ৮০টি। রেল বহরে ৬৭ বছর পুরনো ৮টি মিটারগেজ রেল ইঞ্জিন চালু অবস্থায় রয়েছে। এরমধ্যে নতুন করে ৪৮ বছরের আরও একটি রেল ইঞ্জিন যুক্ত হলো রেল বহরে।
পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী শেখ হাসানুজ্জামান জানান, কারখানায় বাজেট ও স্বল্প সংখ্যক জনবল দিয়েই অকান্ত পরিশ্রমের মাধ্যমে ১৬ রেল ইঞ্জিনের আউটটার্ন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এ কারখানায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বাজেট স্বল্পতা ও দক্ষ জনবলের অভাবে কারখানার বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, ১৯৭৮ সালের ৪৮ বছরের পুরনো একটি ইঞ্জিন ভারি মেরামত করে ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত করা হয়। ঈদ উপলক্ষে ৫টি ইঞ্জিন (লোকেমোটিভ) মেরামতের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। আজ রবিবার ৫টি লোকোমোটিভ হস্তান্তর করা হয়েছে। প্রতি অর্থবছর রেল ইঞ্জিনের ভারী মেরামতের (জেনারেল ওভারহোলিং) লক্ষ্যমাত্রা ৩০টি। কিন্তু ভারী মেরামত শেষে আউটটার্ন করা হয়েছে ১৮ থেকে ২০টি।
১৯৯২ সালে সৌদি সরকারের অর্থায়নে ২০৩ কোটি টাকা ব্যয়ে পার্বতীপুরে ১১১ একর জমির ওপর ডিজেলচালিত রেল ইঞ্জিনের জিওএইচ করে কার্যক্রম করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা স্থাপন করা হয়।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.