মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখা ডিবি এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান (সমাধি টিলা) মাদক কারবারি অজিত পাত্রের বাড়ি থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
এসময় মাদক কারবারি অজিত পাত্রকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজিত পাত্র উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশের সিডিএমএস যাচাইয়ে গ্রেপ্তারকৃত অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। জেলা সুপার মো. মনিরুল ইসলাম স্যারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।