প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ৪:৩৮ পি.এম
রাজারহাটে এক বক্তব্যে ২৫ বার স্যার সম্বোধন,ফের আলোচনায় ইউএনও তানজিলা তাসনিম

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন তিনি।
বুধবার ২১ অক্টোবর একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যে মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা ও চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে আসে।
বুধবার সকাল ১১টায় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তানজিলা তাসনিম। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউএনও। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু এ উপজেলা নয়, উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন। বিষয়টি যথাসময়ে মন্ত্রিসভায় উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
বক্তব্যের শুরুতে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানজিলা তাসনিম। এ ছাড়া ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
ইউএনওর ভাষ্য, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতো। নতুন উদ্যোগের ফলে সেই সমস্যা কমবে। সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তাঁর মতে, এ উদ্যোগ চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।
এর আগেও আলোচনায় এসেছিলেন তানজিলা তাসনিম। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাইজিংবিডি ডটকমে প্রকাশিত ‘কক্সবাজারে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি পর্যটকের’ শিরোনামের প্রতিবেদনে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনার বিবরণ প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওই দিন কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজের যাত্রা নিয়ে বিরোধের সময় এক পর্যটক নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দায়িত্ব পালনকালে ওই ঘটনার মুখোমুখি হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন তানজিলা তাসনিম।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা ও চাকরিজীবীদের বিষয় বক্তব্যে স্থান পেলেও মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি ঘিরেই আলোচনায় এসেছেন রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.