প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ২:৪৮ পি.এম
শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার সদর উপজেলার কাজীরচর এলাকায় জিন্নাত আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাজাহারুল ইসলাম ওরফে গোল্লা (৩৫)কে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বিমানবন্দর থানা এলাকায় এসআরবি-১৪, সিপিসি-১ জামালপুরের আভিযানিক দল এসআরবি-১, সিপিসি-১ উত্তরা ঢাকার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিহত জিন্নাত আলী (৬৭) শেরপুর সদর উপজেলার কাজীরচর গ্রামের বাসিন্দা। জমিজমা নিয়ে আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ও শত্রুতা ছিল। এর জেরে গত ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মাজাহারুল ইসলামসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জিন্নাত আলীর বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তারা জিন্নাত আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি ৯ নভেম্বর দায়ের করা হয়। মামলা নম্বর ২৫। এরপর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এসআরবি-১৪ জানায়, এর আগে গত ৯ নভেম্বর জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকা থেকে এ মামলার ৫ নম্বর আসামি মো. ময়না মিয়া (৫২) ও ৭ নম্বর আসামি মো. সেলিম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাজাহারুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.