প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ১০:০০ পি.এম
শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি অটোভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক করা পণ্য ও যানবাহনের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন চান্দাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটক করা কসমেটিকস ও অটোভ্যানের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.