মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা ভুনবীর ইউনিয়নের আলীশারকুল বড়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় চলা এ অভিযানে ৮ হাজার ঘনফুট বালুর সাথে বালু তোলার কাজে ব্যবহৃত একটি ভ্যাকু এক্সক্যাভেটর মেশিন, পাম্প মেশিন এবং পাইপ জব্দ করা হয়।
অভিযানের টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ অনুযায়ী জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয় এবং একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপ সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংস করে দেয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান জানান, জব্দকৃত এ বালু মালামাল বিধি-মোতাবেক নিলাম-নিষ্পত্তি করা হবে।