মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরএনডিএম সিস্টার সংগীতা গমেজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজলী গোস্বামী ও সাদিকুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখে না; বরং তাদের চিন্তা, অনুসন্ধান, সমস্যা সমাধান ও নতুন কিছু উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলে এসব বিজ্ঞান মেলার আয়োজন। তিনি এ ধরণের মেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবধান রাখায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, শ্রীমঙ্গল নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সেন্ট মার্থাস কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আরএনডিএম সিস্টার সুপ্রীতি কস্তা, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা ও আইভি জেনিফার রায়।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের তৈরি এসব উদ্ভাবনী মূল্যায়নে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন ও হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ এ শিক্ষক মিন্টু পাল।