
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর, তক্ষক, দাড়াঁশ ও অজগরসহ ৪টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৫ আগস্ট) শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় গাছ পারাপারের সময় একটি লজ্জাবতী বানর বলাই রবিদাস নামের এক ব্যক্তির বাড়ির উঠানে পড় যায়।
উপর থেকে পড়ে যাওয়াতে প্রাণীটি কিছুটা আহত হয়। এ অবস্থায় বাড়ির লোকজনের চোখে পড়লে তারা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
একই দিনে দুপুরে আশিদ্রোন ইউনিয়নের নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২ এলাকায় ফিশারীতে মাছ ধরার জালে একটি দাঁড়াশ সাপ দেখা গেলে প্রকল্পের ম্যানেজার সাপটির কোনো ক্ষতি করতে না দিয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। পরে সেখানে গিয়ে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।
এছাড়াও শুক্রবার বিকেলে হাইল হাওর এলাকায় ধানক্ষেতের পাশে ডুবা থেকে মাছ ধরার সময় একটি অজগর সাপ দেখতে পেয়ে মঞ্জু মিয়া নামের এক ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।