মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ১২-তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পার্বতীপুরের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে দিনাজপুর সদর উপজেলার স্বারদেশ্বরী উচ্চ বিদ্যালয়।
চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আগামী ১৪ অক্টোবর রংপুর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
প্রতিযোগিতায় ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তিনটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে বিতর্কে অংশ নেয়। বিষয়গুলো ছিল— ‘নারীর অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা সামাজিক দৃষ্টিভঙ্গি’, ‘প্রযুক্তির প্রতি আসক্তি তরুণদের অলস ও সমাজবিচ্ছিন্ন করছে’ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার।’
এদিকে এবারের বিতর্ক উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েই চমক দেখিয়েছে পার্বতীপুরের কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতার শুরুতেই তারা শক্তিশালী দল দিনাজপুর জেলা স্কুলকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে সেমিফাইনালে অল্প ব্যবধানে পরাজিত হয়ে তাদের শিরোপা জয়ের স্বপ্ন থেমে যায়।
প্রথমবার অংশ নিয়েই সেমিফাইনালে ওঠায় কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এ সাফল্যকে পার্বতীপুরের শিক্ষা ও বিতর্কাঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
উৎসবে দিনাজপুর সমকাল প্রতিনিধি বিপুল সরকার সানি, পার্বতীপুর প্রতিনিধি মাহমুদুর রহমান ছাড়াও বিচারক আজিজুর রহমান, সুহৃদ সদস্য এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এ অর্জনে পার্বতীপুরের শিক্ষাঙ্গনে নতুন গৌরব যুক্ত হয়েছে। আগামী ১৪ অক্টোবর রংপুর বিভাগীয় পর্যায়ে দলটি আরও ভালো ফলাফল করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।