মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ –সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে, যা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে অভিহিত করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতনকাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা–কর্মচারীরা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।
নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এখন প্রজ্ঞাপন জারি হলো।
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিই সুপারিশ চূড়ান্ত করেছে।
অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে এ বছরের ২১ জানুয়ারি। কমিশনপ্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী ২০টি গ্রেডের প্রারম্ভিক/নির্ধারিত মূল বেতন হলো:
| গ্রেড | আগের মূল বেতন | নতুন মূল বেতন |
| ১ম | ৭৮,০০০ | ১,৫৬,০০০ |
| ২য় | ৬৬,০০০ | ১,৩২,০০০ |
| ৩য় | ৫৬,৫০০ | ১,১৩,০০০ |
| ৪র্থ | ৫০,০০০ | ১,০০,০০০ |
| ৫ম | ৪৩,০০০ | ৮৬,০০০ |
| ৬ষ্ঠ | ৩৫,৫০০ | ৭১,০০০ |
| ৭ম | ২৯,০০০ | ৫৮,০০০ |
| ৮ম | ২৩,০০০ | ৪৬,০০০ |
| ৯ম | ২২,০০০ | ৪৪,০০০ |
| ১০ম | ১৬,০০০ | ৩২,০০০ |
| ১১তম | ১২,৫০০ | ২৫,০০০ |
| ১২তম | ১১,৩০০ | ২৪,৩০০ |
| ১৩তম | ১১,০০০ | ২৪,০০০ |
| ১৪তম | ১০,২০০ | ২৩,৫০০ |
| ১৫তম | ৯,৭০০ | ২২,৮০০ |
| ১৬তম | ৯,৩০০ | ২১,৯০০ |
| ১৭তম | ৯,০০০ | ২১,৪০০ |
| ১৮তম | ৮,৮০০ | ২১,০০০ |
| ১৯তম | ৮,৫০০ | ২০,৫০০ |
| ২০তম | ৮,২৫০ | ২০,০০০ |