প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৪:৫৪ পি.এম
ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকার বনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের সিজার মূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় বনের ভেতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মদ থানায় নিয়ে যাওয়া হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.