
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। আজ রবিবার (১৬ আগষ্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। পার্বতীপুর উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি অফিসার মো: রাজিব হোসাইন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা পবিত্র কুমার রায়সহ আরও অনেকে। এরআগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি ইউএনও আরাফাত আমান আজিজ উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন। পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি সফল দুই মৎস্য চাষীকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ বলেন, মৎস্য চাষ প্রযুক্তির নিবিড়তা ও আধুনিকায়নের ফলে সমাজভিত্তিক মাছ ও মাছের আবাসস্থল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা প্রশসানেরসহায়তায় মৎস্য সংরক্ষণ আইন, ফরমালিন বিরোধি অভিযান, মৎস্য খাদ্য আইন ও হ্যাচারী আইন, মা মাছ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানের দুই শতাধিক মৎস্য চাষী ও জাতীয় ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। কাল সোমবার উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা, স্কুল পর্যায়ে রচনা/কুইজ প্রতিযোগিতা, জনবল স্থানে প্রামান্যচিত্র প্রদর্শন ও আগামীকাল মঙ্গলবার জাতীয় মৎস্য পক্ষ এর মধ্যদিয়ে শেষ হবে।