পার্বতীপুর প্রতিনিধি: বিশ্ব ডায়াবেটিস দিবস ও ইসলাম ক্লিনিকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ, আলোচনা সভা এবং গুণীজন ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান।
আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মো. মোফাক্ষারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান সার্জন অধ্যাপক ডা. মো. খাদেমুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আলতাফ হোসেন এবং পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ইসলাম ক্লিনিকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।