হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ফেরদৌস রহমানকে সভাপতি ও শাহিনুর ইসলাম মন্ডল শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার দুপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৮ সদস্যবিশিষ্ট নতুন দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এর আগে বেলা ১১টায় সংগঠনের সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিকেই বহাল রেখে নতুন দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ফেরদৌস রহমান সভাপতি এবং শাহিনুর ইসলাম মন্ডল শাহিন সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালো ভাবে তুলে ধরা হবে। পাশাপাশি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।