মোঃ লাভলু শেখ লালমনিরহাট।
মোগলহাটের ধরলা নদীতে গোসল করতে নেমে ২ স্কুল ছাএ নিখোঁজ উদ্ধার অভিযান চলছে।
জানা গেছে,
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে ২ আপন ভাই নিখোঁজ হয়েছে। রোববার ৭ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজের ৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
নিখোঁজ ২ ভাই হলো. ওই উপজেলার মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে সাব্বির আহমেদ (১৬) ও শাওন আহমেদ (১৪)। এদের মধ্যে সাব্বির স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি এবং শাওন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই ২ ভাইসহ মোট ৩জন মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা ৩জনই তলিয়ে যেতে থাকে। এ সময় মেহেদী হাসান (১৭) নামের একজন কোনোক্রমে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির ও শাওন স্রোতের তোড়ে নিখোঁজ হয়। প্রাণে বেঁচে ফেরা মেহেদী একই এলাকার আজিজুল হকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃনুর আলম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ডুবুরি টিম দ্রুত উদ্ধার কাজ শুরু করে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুক্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের উদ্ধার না করা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে, উদ্ধারকাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নদীর তীরে নিখোঁজ ২ ভাইয়ের স্বজন এবং স্থানীয় উৎসুক জনতার ভিড় জমেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।