মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানে ইদানীং বিভিন্ন প্রজাতির সাপের উৎপাত বেড়েছে। সম্প্রতি বেশ কয়েকটি বাগান থেকে বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাপের উৎপাতে আতঙ্কিত চা বাগানে কর্মরত শ্রমিকরা কাজ করতে ভয় পাচ্ছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানে পাতা তুলতে গিয়ে হঠাৎ একটি সাপ দেখতে পান কয়েকজন শ্রমিক।
সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পাতা তোলার কাজ বন্ধ করে করে দেন।
পরবর্তীতে বিষয়টি চা বাগানের ম্যানেজার সাদেকুর রহমানকে জানান শ্রমিকরা।
পরে বাগান ম্যানাজার সাপটিকে উদ্ধার করার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ওই বাগানে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি ইন্ডিয়ান র্যাট স্নেকইন্ডিয়ান র্যাট স্নেক (দাঁড়াশ সাপ)।
সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।