মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই
সড়ক থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য শাহ আলম (৩৮), সালাউদ্দিন (২৯) ও মোঃ আলী হোসেন (৩৯)-কে আটক করে পুলিশ।
এসময় তাদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি পাজারো জীপ গাড়ি জব্দ করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।