মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : স্পেনের মধ্যাঞ্চলে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর টলেডো প্রদেশের উর্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাস্তিয়া-লা মানচা অঞ্চলের সরকারের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে প্রথমে ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে তিনি জানান, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ হয়েছে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে বলেন, ‘‘এটি অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করার সময় এখনো আসেনি।’’
তিনি আরও বলেন, ‘‘আহতদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালগুলোর সহায়তা প্রয়োজন। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শয্যা রয়েছে—এমন হাসপাতালগুলোর সহযোগিতা জরুরি।’’
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্থির হয়ে থাকা ট্রেনের পেছনে আরেকটি ট্রেন ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, অন্তত দুটি ট্রেনের বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে উল্টে গেছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম টিভিইর এক প্রতিবেদক ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘চরম বিশৃঙ্খল’ বলে বর্ণনা করেছেন। সেখানে একের পর এক অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যান পৌঁছাতে দেখা যায়।
কাস্তিয়া-লা মানচা আঞ্চলিক সরকারের মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এভিই পরিচালিত একটি ট্রেনে ৩৯৭ জন এবং আইরিও পরিচালিত অন্য ট্রেনে ১৪৬ জন যাত্রী ছিলেন।
স্পেনের জরুরি সেবার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, উদ্ধারকাজে সব ধরনের প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে। ঘটনাস্থলে একাধিক অগ্নিনির্বাপণ দল, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট পাঠানো হয়েছে।
রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দুই ট্রেনের পেছন থেকে সংঘর্ষের পর মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত।
সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। এ কাজে সংশ্লিষ্ট সব প্রশাসন সমন্বয় করে কাজ করছে। নিহত ও আহত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতিও তিনি সমবেদনা জানান।
কয়েক মাস আগেও প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা
স্পেনে সাম্প্রতিক মাসগুলোতে এটি দ্বিতীয় বড় ধরনের রেল দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আন্দালুসিয়ার আদামুজের কাছে একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হন।
জানুয়ারির দুর্ঘটনাটি স্পেনের বিস্তৃত উচ্চগতির রেলব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। ২০১৩ সালের পর দেশটিতে সেটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর একটি ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন। চলতি সপ্তাহের নতুন দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ।
