মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ড্রাম ট্রাক আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালক আক্কাস মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা আহতদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৭০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়। মনোয়ারা খাতুন রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী।
তাছাড়া এই দুর্ঘটনায় গুরুতর তিন যাত্রীর মধ্যে দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং এক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা উদ্ধার করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।