মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দীর্ঘ বিরতির পর ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফেরার সুযোগ নিয়ে বেশ আগ্রহী ছিলেন সুমাইয়া শিমু। ৬ সেপ্টেম্বর উত্তরায় শুটিং বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। এরপর এক দিন ধারাবাহিকটির শুটিং করেন।
তবে শুটিংয়ের প্রথম দিন থেকেই চোখে অস্বস্তি অনুভব করছিলেন শিমু। পরদিন চোখ ফুলে যায় এবং ব্যথা বাড়তে থাকে। ডান চোখ পুরোপুরি লাল হয়ে যাওয়ার পর চিকিৎসকের কাছে যান তিনি। পরীক্ষা করে চিকিৎসক জানান, তার চোখের কর্ণিয়ায় আঘাত লেগেছে।
সুমাইয়া শিমু বলেন, “কাজটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম। সংবাদ সম্মেলনেও ছিলাম। এক দিন শুটিংও করেছি। কিন্তু চোখের সমস্যায় আমি শেষ পর্যন্ত কাজটি করতে পারিনি। চিকিৎসকের পরামর্শে ১০ দিনের বেশি সময় আমাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হয়েছে। আজ সকালেও চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখন অবস্থা ভালো দিকে। এত দিন তো আমি চোখে কোনো পানিও দিতে পারিনি। আগামী পরশু থেকে সবকিছু স্বাভাবিক হবে। এখন কোনো ব্যথাও নেই।”
চোখের সমস্যার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, প্রথমে চোখে ভাইরাস সংক্রমণ হয়েছে বলে মনে হয়েছিল। তবে সংবাদ সম্মেলনের পরদিন শুটিং করার সময় চোখ ফুলে যায় এবং ব্যথা বেড়ে যায়। পরে চিকিৎসকের কাছে গেলে তিনি চোখে কোনো আঘাত লেগেছিল কি না জানতে চান।
শিমু জানান, মেকআপ নেওয়ার সময় মাসকারার ব্রাশের খোঁচা তার কর্ণিয়ায় লেগেছিল। চিকিৎসকও সেটিকেই চোখের সমস্যার মূল কারণ হিসেবে নিশ্চিত করেন। এরপর চোখের ব্যথা এতটাই বেড়ে যায় যে শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।
সুমাইয়ার শারীরিক অবস্থার বিষয়টি জানার পর তার সঙ্গে আলোচনা করেই কাস্টিং পরিবর্তনের সিদ্ধান্ত নেন পরিচালক মোস্তফা কামাল রাজ। সুমাইয়ার পরিবর্তে রুকাইয়া চরিত্রে নেওয়া হয়েছে দীপা খন্দকারকে।
এর আগে থেকেই ধারাবাহিকটির সঙ্গে যুক্ত ছিলেন দীপা। তার অভিনয় করার কথা ছিল মরিয়ম চরিত্রে। পরে ওই চরিত্রে যুক্ত হয়েছেন রোজী সিদ্দিকী।
সুমাইয়া শিমু অভিনয় করতে না পারলেও ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজুসহ অনেকে।
আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ধারাবাহিকটি প্রচারিত হবে।