
কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নাওভাঙ্গা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাতটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারী স্থানীয়দের কাছে বেগম নামে পরিচিত। তিনি কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া এলাকার বাসিন্দা। সেমানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক শরীফ হোসেন জাকির জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।