ছবির ক্যাপশন:
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বর্তমান সময়ের আলোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রল সংস্কৃতি, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধনে অংশ নেওয়া নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
শাকিব খানের প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস স্পষ্ট করে জানান, এ ধরনের তুলনা বা প্রশ্ন তোলাটাই ঠিক নয়। তিনি বলেন, “উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। উনাকে সম্মান করা উচিত। উনার অবস্থান অনেক উঁচুতে। আমি বলব, চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে—এটাই সবচেয়ে ইতিবাচক দিক।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, পরিচিত মুখদের নিয়েই সাধারণত বেশি ট্রল তৈরি হয়। তাঁর ভাষায়, “দেশের বড় বড় ব্যক্তিত্বদের নিয়েও ট্রল হয়। যাদের মুখ বেশি পরিচিত, তাদের নিয়ে কনটেন্ট বানালে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার জন্যই অনেক সময় আমাকে নিয়েও এমন করা হয়।”
নিজের ব্যক্তিত্ব প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি বরাবরই খোলামেলা ও সরল মানুষ। তিনি বলেন, “মিথ্যা বলতে জানি না। যখন যা মনে হয়, সেটাই বলি। দর্শকরাও জানেন, অপু বিশ্বাস অনেক সহজ-সরল মানুষ।”
শোরুম উদ্বোধন বা ফিতা কাটা অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার জবাবও দেন এই অভিনেত্রী। অপু বিশ্বাসের মতে, কোনো কাজই ছোট নয়। তিনি বলেন, “আমরা শিল্পী, আমাদের উপস্থিতির মধ্য দিয়ে মানুষ যুক্ত হন। একটি ওপেনিং থেকেও অনেকের কাছে বার্তা পৌঁছায়।”
সব মিলিয়ে ট্রল সংস্কৃতি, সহশিল্পীদের প্রতি সম্মান ও নিজের কাজ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা।