ছবির ক্যাপশন:
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ঢালিউড নায়ক শাকিব থানের নতুন কোনো লুক বা বক্তব্য—সবকিছুতেই দর্শক ও ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার একেবারে রাজকীয় অবতারে ধরা দিয়েছেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবিটি প্রকাশের পরপরই শুরু হয় ব্যাপক আলোচনা। ধবধবে সাদা রঙের রাজকীয় শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্টে তাকে দেখা যায় একেবারে অভিজাত ও দাপুটে রূপে। কোটের কলার ও হাতায় সোনালি সুতোর নিখুঁত কারুকাজ তার লুককে দিয়েছে আলাদা মাত্রা। চোখে স্টাইলিশ সানগ্লাস, পরিপাটি চুল ও গোঁফ-দাড়িতে তাকে দেখাচ্ছিল যেন এক নীরব কিন্তু প্রভাবশালী ‘প্রিন্স’।
ছবির ক্যাপশনে শাকিব খান লেখেন, “যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।” এই একটি বাক্যের মধ্য দিয়েই তার আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং সময়কে উপলব্ধি করার পরিপক্বতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন ভক্তরা।
পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। একজন লেখেন, ‘মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন! প্রিন্স-এর জন্য শুভকামনা।’ আরেকজন লেখেন, ‘শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালালেরা।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘আগুন রে আগুন!’
এদিকে গত মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানেও এই সাদা কোটের নতুন লুকেই দর্শকদের সামনে হাজির হন তিনি। অনুষ্ঠানে তার জনপ্রিয় সিনেমা ‘বরবাদ’-এর সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদের মাতান। একই সঙ্গে নিজের ক্যারিয়ারের পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন।
‘জিল্লু’ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, “শুধু সিনেমাতে না, রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে। যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।”
বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে আলোচনায় রয়েছেন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একাই লড়বেন। ছবিটি চলতি ডিসেম্বরেই মুক্তির কথা রয়েছে।
পাশাপাশি নির্মাতা আবু হায়াত মাহমুদের ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং শুটিংয়ের প্রথম দিনেই শাকিব খানের সম্পূর্ণ নতুন একটি লুক প্রকাশ পাবে বলে জানা গেছে।