ছবির ক্যাপশন:
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: সাত দিন ধরে ডাক্তারদের প্রাণান্ত চেষ্টায়ও ফেরানো গেল না শরীফ ওসমান হাদিকে। গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের কিছু সময় পর তাঁর মৃত্যুর খবর আসে।
দুর্বৃত্তদের গুলিতে আহত হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
গতকাল রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।