ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। 

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ৩ মিনিট থেকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে গত ১৮ জানুয়ারি সকাল ১১টা ১৫ মিনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ শেষে বুধবার বিকেল ৩টার দিকে বয়লারে ফায়ারিং শুরু করা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে পুনরায় উৎপাদনে ফেরা সম্ভব হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া গত বছরের ১৬ অক্টোবর ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটিও উৎপাদন বন্ধ হয়ে যায়।

গত দুই মাসে প্রথম ইউনিটটি চারবার বন্ধ হয়েছে। গত বছরের ৬ ডিসেম্বর দুপুরে বন্ধ হওয়ার পর ১৩ ডিসেম্বর রাতে উৎপাদনে ফিরলেও ৩০ ডিসেম্বর পুনরায় বন্ধ হয়ে যায়। পরে ১৪ জানুয়ারি আবার উৎপাদনে আসলেও মাত্র চার দিন পর আবার বন্ধ হয়ে যায়, যার ফলে একপর্যায়ে কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে পড়ে।

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক আরও জানান, বর্তমানে প্রথম ইউনিটটি থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ইউনিটটি সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে।

তিনি বলেন, কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স