ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

কর্মবিরতি স্থগিত মাধ্যমিকের শিক্ষকদের, পরীক্ষা হবে বুধবার

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক:সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। ফলে আগামীকাল বুধবার থেকে বার্ষিক পরীক্ষা চলবে। শিক্ষকদের এই আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষা আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বেশির ভাগ বিদ্যালয়ে হয়নি।

আর্থিক সুবিধা, পদোন্নতিসহ চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। গতকাল সোমবার থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়েছিল। এর ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে গতকাল ও আজ বার্ষিক পরীক্ষা হয়নি।

দেশে বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে পৌনে ৭০০-এর মতো। এর মধ্যে নতুন করে জাতীয়করণ হওয়া তিন শতাধিক বিদ্যালয়ও রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, মূলত পুরোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়নি। বার্ষিক পরীক্ষার মধ্যে কর্মবিরতির কারণে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে আজ রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন, তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই ৩ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাদের ন্যায্য দাবিদাওয়া সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ চেয়েছে সমিতি।

মাধ্যমিকের শিক্ষকদের দাবিগুলো হলো-

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে নবম গ্রেডসহ পদসোপান ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।

৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

সূত্র: প্রথম আলো।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স