ছবির ক্যাপশন:
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন।
এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে মনোনয়নপত্র জমা দিলেন।
শ্রাবণী এর আগে ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।
এ নিয়ে এ আসনে এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
লুৎফুজ্জামান বাবরও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় সাংবাদিকরা স্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে বাবর বলেন, ‘এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারব না।’