ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

লক্ষ্মীপুরে সরিষা চাষে আগ্রহ বাড়ছে, ভালো ফলনে কৃষকের মুখে হাসি

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

gyw³wbDR24.Kg †W¯‹: কম খরচে বেশি লাভ হওয়ায় লক্ষ্মীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। একই সঙ্গে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তেলের চাহিদা মেটাতে এবং স্বাস্থ্যসচেতন মানুষের আগ্রহ বাড়ায় সরিষার তেলের প্রতি ঝুঁকছেন ভোক্তারা। এতে করে তেলের চাহিদা পূরণে লক্ষ্মীপুরের কৃষকরাও সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। সরিষা চাষ বাড়াতে কৃষি বিভাগ থেকেও দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় বিস্তীর্ণ ফসলি মাঠজুড়ে শোভা পাচ্ছে হলুদ সরিষা ফুল। মৌ মৌ গন্ধে মুখরিত সরিষার ক্ষেত—যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। পাশাপাশি সরিষা ক্ষেত দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ টিকটক তৈরি করে সময় কাটাচ্ছেন।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। পরিকল্পনা ছিল ২ হাজার হেক্টর জমিতে চাষ করার। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৬০ মেট্রিক টন সরিষা উৎপাদনের, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।

গত বছর জেলায় ১ হাজার ৫৭০ হেক্টর জমিতে ১ হাজার ৯৬৩ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছিল, যার বাজারমূল্য ছিল ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। এবার গত বছরের তুলনায় চাষাবাদ বেড়েছে ৪৩০ হেক্টর জমি এবং উৎপাদনের মূল্য বেড়েছে এক কোটিরও বেশি টাকা।

উপজেলাভিত্তিক হিসাবে—সদর উপজেলায় ৮৫০ হেক্টর, রায়পুরে ২৬০ হেক্টর, রামগতিতে ৪৩৫ হেক্টর, রামগঞ্জে ৭৫ হেক্টর এবং কমলনগরে ১৮০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে বিনা, রিলে ও অন্যান্য উচ্চফলনশীল জাত। এর মধ্যে ৮৮০ হেক্টর জমিতে চাষ দিয়ে এবং বাকি ৫৫০ হেক্টর জমিতে বিনা চাষে সরিষার আবাদ করা হয়েছে।

কৃষকরা জানান, আমন ধান কাটার পর খালি জমিতে সরিষা চাষ করা হয়েছে। তিন মাসেরও কম সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। কম পুঁজিতে চাষ করে ভালো লাভ হওয়ায় সরিষা কৃষকদের কাছে লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতি বিঘায় প্রায় ৫ হাজার টাকা খরচ হলেও উৎপাদন পাওয়া যায় প্রায় ২০ হাজার টাকার সরিষা। স্থানীয় বাজারে প্রতি মণ সরিষা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, অন্যান্য জেলার তুলনায় লক্ষ্মীপুরে সরিষা চাষ তুলনামূলক কম। তবে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো পরিচর্যা করলে চলতি মৌসুমে সরিষার উৎপাদন ভালো হবে। সরিষা চাষে কৃষকদের বীজ প্রদানসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে ভালো ফলন হবে। আশা করছি, লক্ষ্মীপুরে দিন দিন সরিষা চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স