ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

সকালেও স্লোগানে উত্তাল শাহবাগ

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগে আসছেন। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।

সকাল সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, রাতের তুলনায় লোকসংখ্যা অনেক কম হলেও শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ছাত্র-জনতা। এসময় ছাত্র-জনতাদের ‌‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

শনিরআখড়া থেকে আসা মাদ্রাসাশিক্ষার্থী আসিফ বলেন, ‘আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। সারারাত ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতেই ভোরে এখানে চলে এসেছি। ওসমান হাদির মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।’

বাড্ডা থেকে আসা ওমর ফারুক বলেন, ‘হাদির মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করব। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এর আগে, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন।

শহীদ হাদির মৃত্যুর পর রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এছাড়া সরকার ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে বলেও জানান।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ দেশে আনা হবে। হাদির রুহের মাগফিরাত কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স