👁 329 Views

এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যকরের লক্ষ্যে আজ রোববার চলবে টেস্ট রান। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ টেস্ট রান চলাকালে কিছু মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।

সংগঠনটি বলছে, ‘রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সীম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।’

এই অসুবিধার জন্য অ্যামটবের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।

গত ১ জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর পদ্ধতি চালু করেছে সরকার। সেদিনই মোবাইল হ্যান্ডসেটের ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয় হামলা চালায়। ওই ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে অবৈধ পথে আমদানি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ ১৫ মার্চ থেকে পুরোদমে কার্যকর হচ্ছে এই পদ্ধতি। এই ব্যবস্থা কার্যকরের ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিসিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা চোরাপথে, লাগেজ পার্টির মাধ্যমে নিম্নমানের, চোরাই ও ব্যবহৃত ফোন দেশের বাজারে ঢোকাচ্ছে। এসবের কোনো তথ্য সরকারের কাছে না থাকায় এগুলো ব্যবহার করে প্রতারণা, আর্থিক অপরাধসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।

সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করে গ্রে মার্কেটের ফোন ব্যবসায়ীদের সংগঠন এমবিসিবি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *