
মুক্তিনিউজ২৪ ডেক্সঃদিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের আটরাই (নূরুল হুদা, ডাঙ্গারহাট) এলাকার কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব আব্দুল হাদী মুহাম্মদ আনওয়ার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
মরহুম আব্দুল হাদী মুহাম্মদ আনওয়ার ছিলেন এক শিক্ষিত ও সম্মানিত পরিবারে জন্ম নেওয়া ব্যক্তিত্ব। তিনি ছিলেন নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. মু. আব্দুল বারী এবং বিজ্ঞান ও শিল্প গবেষণার সাবেক মহাপরিচালক ড. আব্দুর রহমানের ছোট ভাই। এছাড়া তিনি দিনাজপুর আসনের সাবেক এমএনএ মাওলানা আব্দুল্লাহেল বাকী (রহ.)-এর ছোট ছেলে এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল্লাহেল কাফি (রহ.)-এর ভাতিজা।
দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ ও সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবনে আলোর দিশা দেখিয়েছেন। তার সততা, মানবিকতা ও জ্ঞানপিপাসা তাকে সমাজে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, নীতিবান ও ধর্মপ্রাণ মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন