👁 116 Views

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।

এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়।

সাজেদ আরও জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরে দ্বিতীয় তলার বাসায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে৷ বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগী এসেছেন। তাদের চিকিৎসা চলছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা ড্রেসিং করার পর বলা যাবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *