
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার প্রান্তিক কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট প্রায় এক হাজার ৪৫০ কোটি টাকার ঋণ মওকুফ হবে এবং এর সুফল পাবেন প্রায় ১২ লাখ প্রান্তিক কৃষক।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলার সব দপ্তর প্রধানের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের ১৪টি এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সব শ্রেণি-পেশার মানুষ এই কার্ডের আওতায় আসবেন। তবে প্রতিটি পরিবারের জন্য কার্ডটি দেওয়া হবে পরিবারের নারী প্রধানের নামে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার সুযোগ-সুবিধা পাবে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মান বাড়াতে পারলে নতুন প্রজন্মকে মাদক থেকে আরও দূরে রাখা সম্ভব হবে। এই দুটি দিক একসঙ্গে এগিয়ে নিলে সমাজকে সুন্দর ও সুস্থ পথে এগিয়ে নেওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।