👁 312 Views

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে ছিন্তাই নাটক, পুলিশের তদন্তে রহস্য উদঘাটন 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে গিয়ে নিজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ছিন্তাই নাটক সাজিয়েও রক্ষা হলনা সুজন মিয়া (২৬) নামের এক যুবককের। পুলিশের তদন্তে বেরিয়ে এলো ছিন্তাই নাটকের রহস্য।
রাজনগর থানা সুত্রে জানা যায়, গত ২১জুলাই রাত সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের সুজন মিয়া নামের এক যুবক অনলাইন জুয়ায় এক লক্ষ টাকা হেরে ঘটনা ধামাচাপা দিতে নিজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সিএনজি অটোরিকশা ছিন্তাইয়ের নাটক সজিয়ে ছিন্তাই হয়েছে বলে প্রচার করে।
পরবর্তীতে বিষয়টি পুলিশ জানতে পেরে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে পুলিশ ভিকটিমের সঙ্গে কথা বললে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পরিলক্ষিত হয়। এরপর ভিকটিমের গ্রামের পরিচিত ব্যক্তি ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসক্ত। একই সঙ্গে তার শরীরের আঘাতের ধরন এবং পরিহিত শার্ট পরীক্ষা করে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। আঘাতগুলো ব্লেড বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে নিজেই করা হয়েছে পুলিশের কাছে প্রতীয়মান হয়।

নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুজন মিয়া স্বীকার করেন যে, তিনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এ পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে ফেলেন। বিষয়টি গোপন করতে তিনি পরিকল্পিতভাবে ছিনতাইয়ের একটি নাটক সাজান। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি একটি নেইল কাটারের ছোট ছুরি ব্যবহার করে নিজের শরীরে একাধিক আঘাত করেন।

পরিকল্পনার অংশ হিসেবে তিনি আগে থেকেই এক বন্ধুকে জানিয়ে রাখেন যে, তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকবেন। আশপাশের লোকজন জড়ো হয়ে তার বন্ধুকে ফোন দিলে তিনি এসে উদ্ধার করার অভিনয় করবেন।

পরিকল্পনা অনুযায়ী, তার বন্ধু মেদিনীমহল এলাকার এক আত্মীয়ের বাড়িতে অপেক্ষা করছিলেন। স্থানীয়দের ফোন পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে সুজন মিয়াকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে। সাজানো ছিনতাইয়ের নাটকের বিষয়টি নিশ্চিত হওয়ায় এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *