👁 178 Views

উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পর মেরামত করা রেললাইন দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রথম চলাচল করে। এর আগে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে যোগ দেয়।

তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরানো হয়েছে। রেললাইন মেরামতের কাজ এখনও চলমান রয়েছে। ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে, তবে দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলবে এবং মেরামতের কাজ চলতে থাকবে।

এর আগে মেরামত করে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ট্রেন চলাচলের জন্য লাইন খুলে দেওয়া হয়। আহমদ হোসেন মাসুম বলেন, সকাল ১০টা ২৫ মিনিট থেকে ট্রেন চলাচলের জন্য সাময়িকভাবে লাইন খুলে দেওয়া হয়। ১১টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেন যাওয়ার কথা ছিল, তবে সিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনটি দুপুর ১২টার দিকে এসে পৌঁছায়।

বুধবার (১৮ মার্চ) বিকেলে সান্তাহার রেল জংশনের নিকটবর্তী বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিন পার হলেও ১৬টি বগির মধ্যে ৯ট লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হন। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ জনকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজে অংশ নেয়। পরে ঈশ্বরদী ও সৈয়দপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঈদযাত্রায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে দুর্ঘটনাস্থলের আগে ট্রেন থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা হেঁটে দুর্ঘটনাস্থল পার হয়ে অন্য ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *