👁 115 Views

তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

তিন মাসেরও বেশি বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সর্বশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার পর জাতীয় দলের পরবর্তী সূচিতে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারত সফরে দল না যাওয়ায় লিটনদের সেই আসরে অংশ নেওয়া হচ্ছে না।

সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন থেকেই শুরু হবে সফররত পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সূচি অনুযায়ী, পাকিস্তান দল ঢাকায় পৌঁছাবে ৯ মার্চ। ১১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটিই দিবারাত্রির ম্যাচ, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ ঢাকা ছাড়বে পাকিস্তান দল।

এই সিরিজ দিয়েই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াই শুরু করবে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে।

চলতি বছরে মোট ২৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *