👁 136 Views

বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। যারা সম্পর্কে চাচা-ভাতিজা। এতে আহত হয়েছেন আরেকজন।

বুধবার রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান।

নিহতরা হলেন, উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) ও তার ভাই মৃত উজ্জল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)।

তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।

এ ঘটনায় আহত অপর বাইক চালক সাইম (২২) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। স্থানীয়রা কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়।

মিয়ারপাড়া এলাকার নৈশপ্রহরী নুর ইসলাম বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছে, অন্যজনের অবস্থা ভালো না। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *