👁 317 Views

শেরপুরের  সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্তে অভিযান চালিয়ে ২৩ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও একটি পিকআপ গাড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী  উপজেলার দুধনই সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫৪৫ বোতল ভারতীয় মদ এবং একটি পিকআপ গাড়িসহ মো. আকাশ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আকাশ মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি গ্রামের সাদা মিয়ার ছেলে।  উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
এদিকে পৃথক আরেক অভিযানে গত ৮ মার্চ ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে আরও ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ৪৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্ত এলাকায় চলমান অভিযানে সর্বমোট ২৩ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *