👁 281 Views

দেশ-জনগণের স্বার্থে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার— এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয় বরং জনগণের সেবক ভাবতে হবে। স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানান প্রধানমন্ত্রী।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা বিয়াম ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেয়া হয়। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *