
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা এইচএসসি (ইন্টারমিডিয়েট) পর্যন্ত বিনামূল্যে করেছিল। এবার অনার্স (ডিগ্রি) পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষার প্রসারের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। একই সঙ্গে মেয়েদের জন্য উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আজ সংসদের দর্শক গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন এবং তারা সরাসরি অধিবেশন পর্যবেক্ষণ করছেন। অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য বৃত্তির (স্কলারশিপ) ব্যবস্থাও করা হবে।
নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, দেশে সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।