👁 510 Views

কুয়াকাটায় এবার ধরা পড়লো বিরল বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।।

 

,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।

মঙ্গলবার কলাপাড়ার মৎস্য বন্দর মহীপুরে ইলিয়াশ মাঝির ট্রলারের জেলেরা অন্য মাছের সাথে এ কাঁকড়া টি নিয়ে আসে মৎস্য আড়ত আখি ফিসে। তবে অদ্ভুত দেখতে কাঁকড়া টি খাওয়া যায় কিনা এ সংশয়ে জেলেরা বিক্রি না করে খাপড়াভাঙ্গা নদীতে ছেড়ে দেয়।

আখি ফিসের মো. আলামিন জানান, অনেক মাছের সাথে এ কাঁকড়া টি জেলেদের জালে ধরা পড়ে। তবে এ ধরনের কাঁকড়া সচরাচর দেখা যায় না।

এ কাঁকড়ার খোলস গোল ও বেশ চওড়া। সাধারণ কাঁকড়ার তুলনায় শরীর অনেকটা গোল। খোলস উঁচু ও শক্ত এবং  ওপরের অংশ গম্বুজের মতো দেখতে । খোলসের ওপর ঘন কালচে-ধূসর ছোট ছোট দাগ এটি অন্য কাঁকড়ার প্রজাতি থেকে আলাদা করে রেখেছে। দুই পাশে বড় ও মোটা দাঁড়া বক্স ক্রাবের  বৈশিষ্ট্য।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,  এ বক্স ক্রাব উষ্ণমণ্ডলীয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক কাঁকড়া। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। সাধারণত বালুময়, কাদাময়  নরম সমুদ্রতলে, কখনো প্রবাল প্রাচীর-সংলগ্ন এলাকায়  ১০–১০০ মিটার গভীরতায় এগুলো পাওয়া যায়। তবে কুয়াকাটা বঙ্গোপসাগরে এ প্রজাতির কাঁকড়া সচরাচর দেখা যায় না।  এ কারনে এখানকার মানুষ এগুলো খায় না। তবে যেসব এলাকায় এগুলো বেশি পাওয়া যায় সেখানে খাওয়া হয়।

এবিষয়ে শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সাইন্স অনুষদের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, এ কাঁকড়ার বিশেষ বৈশিষ্ট্য হলো অত্যন্ত শক্ত ও চওড়া দুটি দাঁড়া। যা সামনে ভাঁজ করে মুখ ঢেকে রাখতে পারে।  বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় এ ধরনের কাঁকড়ার উপস্থিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ কাঁকড়া খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উপকূলে এ ধরনের কম পরিচিত সামুদ্রিক প্রাণী পাওয়া গেলে শুধু আহরণ না করে প্রজাতি, বিস্তৃতি ও প্রাচুর্য নথিবদ্ধ করাও গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *