
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ডায়ালাইসিস সেন্টার এবং একটি প্রাইভেট হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড সড়কস্থ সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি ডায়ালাইসিস সেন্টারে যথাযথ ভাবে ঔষধ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ধারায় ১০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর।
পরে পুরাতন হাসপাতাল সড়কের আল হামরা (প্রাঃ) হাসপাতালে অভিযান চালিয়ে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে একই আইনে আরও ১০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে পৃথক দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সদর মডেল থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় এ অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তাঁর টিম সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মান, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।