👁 89 Views

নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ৯৫ জন নিহত এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই পর্যটক।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নেপালে বিধ্বংসী বন্যায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

‘যারা প্রাণ হারিয়েছেন এবং যাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রইল। এই চরম বিপদের সময়ে নেপালের যেকোনও প্রয়োজনীয় সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি’-যোগ করেন প্রধানমন্ত্রী।

 

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রাণহানির মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি ও নিখোঁজ স্বজনদের খবরের অপেক্ষায় থাকা ব্যক্তিদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।’

কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংহতি প্রকাশের বিবৃতিকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং মানবিক ও উদ্ধার সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে গভীরভাবে অবগত একটি জাতি হিসেবে, বাংলাদেশের সংসদ ও জনগণ নেপালের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

দুর্গত এলাকায় অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করার সরকারি প্রচেষ্টায় সহায়তা করতে কমিটি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে।

দুর্যোগকবলিত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম অঞ্চলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *