
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়নে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
কমিটির কাঠামো
অর্থমন্ত্রী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন—
- নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী
- উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
- নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- উপদেষ্টা মাহ্দী আমিন
- উপদেষ্টা রেহান আসিফ আসাদ
- মন্ত্রিপরিষদ সচিব
- নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব
- নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব
- অর্থ বিভাগের সচিব
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব
- স্থানীয় সরকার বিভাগের সচিব
- পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব
- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব
এ ক্ষেত্রে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত থাকবেন।
কমিটির দায়িত্ব
কমিটি ফ্যামিলি কার্ডের উপযুক্ত নকশা প্রণয়ন ও সুবিধাভোগী নির্বাচনের কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে।
সুবিধাভোগীদের তথ্যভান্ডার তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস (Management Information System) তৈরির সুপারিশ করবে কমিটি। আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। নারী ও শিশু মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।