
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় মোটরসাইকেল দূর্ঘটনায় মোহাম্মদ জিসান নামে এক পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল আরোহী অপর দুই পর্যটক রাব্বি ও আবির এবং পথচারী মিম।
সোমবার সকাল ১০ টার দিকে সমুদ্র সৈকতের মাঝি বাড়ি ব্লক পয়েন্টে এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় আহত তিন জনকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত অনিমেষ হালদার জানান, শরিয়তপুরের পালং থানার আমির হোসেন শেখের ছেলে জিসান তার দুই বন্ধুকে নিয়ে আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কুয়াকাটায় ভ্রমণে আসে। সকাল ১০ টার দিকে তারা বাইক চালিয়ে লেম্বুরবন সৈকতে যাওয়ার পথে মাঝি বাড়ি এলাকায় পৌছলে পর্যটক মিম রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল তাকে সাইড দিয়ে বাঁচাতে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় জিসান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।