রাজারহাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম রাজারহাট কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। তাঁদের এ সাফল্যে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), মো. আনিচুর রহমান সাইফী (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা প্রতিযোগিতা)।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, নজরুলের কবিতা আবৃত্তি, রচনা এবং উপস্থিত বক্তৃতা। উপজেলা পর্যায়ে প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। জেলা পর্যায়ে নির্বাচিত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী মো. আলামিন আশিক বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং মা-বাবা ও শ্রদ্ধেয় শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় বিভাগীয় পর্যায়ে প্রথম হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’
উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জনকারী মো. আনিচুর রহমান সাইফী বলেন, ‘উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছি, ভাবতেই অবাক লাগছে। এ অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।’
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মো. ফারহাজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছি। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে।’
রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই বলেন, ‘শিক্ষার্থীদের এ অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তারা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আশা করি, জাতীয় পর্যায়েও তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে প্রতিষ্ঠান ও দেশের সুনাম বয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *