হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ শুরু

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচ জেলার চা-বাগানগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রীয়, সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক লাখ ৪৮ জন চা-শ্রমিক।

নির্বাচনে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা গোপন ব্যালটে কেন্দ্রীয় কমিটি, নিজ নিজ ভ্যালি এবং সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটির জন্য তিনটি প্যানেলে ভোট দেবেন।

 

সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর আবারও নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা-শ্রমিকরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল এ চার উপজেলার ২৬টি চা-বাগানের ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে ২১ হাজার ২১৭ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে নারী ১১ হাজার ৬৮ জন এবং পুরুষ ১০ হাজার ১৪৯ জন।

এসব ভোটারের জন্য ৮৫টি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেন পালসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে জেলার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসহ দীর্ঘদিনের দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, হবিগঞ্জের চুনারুঘাটসহ চার উপজেলার ২৬টি চা-বাগানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব বাগানের অধিকাংশ সীমান্তসংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে সমন্বয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *